Home বিনোদন কবি আসাদ চৌধুরী স্মরণ

কবি আসাদ চৌধুরী স্মরণ

by Razon

৬ নভেম্বর ২০২৩

কথক আয়োজিত প্রয়াত কবি আসাদ চৌধুরী স্মরণে আয়োজন করা হয় এক আলোচনা ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে আসাদ চৌধুরী ব্যাপকভাবে পরিচিত। কালের সীমা অতিক্রম করে তিনি হয়েছেন কালোত্তীর্ণ।
আসাদ চৌধুরী একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও আবৃত্তিকার। আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। সাহিত্যে তিনি গণমুখী, নান্দনিক ও রোমান্টিক। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলার লোকায়ত জীবন সবই তাঁর লেখায় স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন।
আসাদ চৌধুরীর সাহিত্য সম্ভার সব ধরনের মানুষের পছন্দ। তথ্য ও ভাবনার রসদ পান সব বয়সের পাঠক। বাংলাসাহিত্যে তাঁর সৃষ্টি ও কাজের ব্যাপ্তি একটি লেখায় বোঝানো সহজ নয়। তাঁর কবিতা বা প্রবন্ধ পড়েই কেবল মননের গভীরতা উপলব্ধি করা সম্ভব হতে পারে।
বাংলা সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব ও জনপ্রিয় এই কবি আসাদ চৌধুরী গত ৫ অক্টোবর ২০২৩ কানাডার টরোন্টোতে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
প্রথম কবিতার বই ‘তবক দেওয়া পান’ এ পরিচিতি পান কবি আসাদ চৌধুরী। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন।
কথকের আয়োজনে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আজ সোমবার ০৬ নভেম্বর ২০২৩ বিকাল ৬ টায় কবি আসাদ চৌধুরী স্মরণে দেশের বরেণ্য কবি, সাংবাদিক, শিল্পী, আবৃত্তিকারসহ কবি আসাদ চৌধুরীর বন্ধু ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
জার্মানীর প্রখ্যাত কবি টোবিয়াস বুরঘার্ট ও ইউনা বুরঘার্ট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও কবিতা আবৃত্তি করেন। ‘শ্রুতিঘর’ এর আবৃত্তিকারগণ কবি আসাদ চৌধুরীর কবিতা আবৃত্তি করে সবাইকে বিমোহিত করেন।
কবি আমিনুর রহমান পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আয়োজন সহযোগিতায় : ক্রিয়েটিভ কমিউনিকেশন

You may also like

Leave a Comment