ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন একটি টানেল ধসে পাঁচদিন ধরে ভেতরে আটকা পড়ে আছেন ৪০ শ্রমিক। তাদের উদ্ধারে দিল্লি থেকে নতুন এক ধরনের ড্রিল মেশিন আনা হয়েছে, যেটি তাদের উদ্ধারে আশা জাগাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শ্রমিকদের উদ্ধারে প্রথমে ধ্বংসাবশেষের ভেতর দিয়ে ড্রিল করে একটি সুড়ঙ্গ তৈরি করা হবে। তারপর ওই সুড়ঙ্গে একটি পাইপ ঢুকিয়ে দেওয়া হবে এবং শ্রমিকরা পাইপ বেয়ে উপরে উঠে আসবেন। নতুন যে মেশিনটি আনা হয়েছে সেটি ঘণ্টায় পাঁচ মিটার ড্রিল করতে সক্ষম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আটকে পড়া শ্রমিকদের সঙ্গে ওয়াকি-টকির মাধ্যমে যোগাযোগ রাখছেন উদ্ধারকর্মীরা। তবে আটকে পড়া শ্রমিকদের কারো কারো মাথাব্যথা, উদ্বেগ এবং বমি বমি ভাব দেখা দিয়েছে।
গত রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে ওই টানেলটি ধসে পড়ে। ওই দিন সকালেই একটি পাইপের মাধ্যমে শ্রমিকদের কাছে খাবার, পানি ও অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করা হয়।
শনিবার রাতের পালায় ওই টানেলে ৫০ থেকে ৬০ জন শ্রমিক কাজ করছিলেন। ধসের পর যারা টানেলের বেরিয়ে যাওয়ার মুখে কাজ করছিলেন তারা বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু মাটির প্রায় ২০০ মিটার গভীরে কর্মরত শ্রমিকরা আটকা পড়ে যান। টানেলটি প্রায় ৪ হাজার ৫৩১ মিটার লম্বা। মাটি ধসে সেটির বেরিয়ে যাওয়ার মুখটি বন্ধ হয়ে গেছে।

